
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) রাতে পৃথক স্থান থেকে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকার মরহুম গণি মিয়ার ছেলে শাহীন হাজারী (৪৭) ও ওই ইউনিয়নের যুবলীগের সাবেক সহ-সভাপতি। অপরজন হলেন নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া (তেলিপাড়া, পীরবাড়ি) এলাকার মো: এলেম খাঁর ছেলে মারুফ হাসান পাভেল (৩২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক এবং ৮ নম্বর নাটাই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের দফতর সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে রামরাইল এলাকা থেকে শাহীনকে ও নাটাইয়ের আমতলী এলাকা থেকে মারুফকে গ্রেফতার করা হয়। পরে তাদের সদর মডেল থানায় নেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি খাইরুল আলম জানান, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরো জানান, আজ রোববার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








