জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন নোবিপ্রবি ভিসি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন নোবিপ্রবি ভিসি। নয়া দিগন্ত

নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা, র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Advertisement

৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতন্ত্র, জাতীয় ঐক্য ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।

তিনি বলেন, ‘বিপ্লবের সার্থকতা ক্ষমতার পরিবর্তনে নয়, মানুষের ভাগ্য পরিবর্তনে। জাতীয় সংহতির প্রকৃত সার্থকতা মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠার মধ্যেই নিহিত।’

Advertisement

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোবিপ্রবি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁকবদলের দিন। ওই সময়ের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক সঙ্কটের প্রেক্ষাপটে সিপাহী-জনতার অভ্যুত্থান ও তৎকালীন সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তির ঘটনা দেশের রাজনৈতিক গতিপথে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে। স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনায় নানা সঙ্কট, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে দিনটির ঐতিহাসিক গুরুত্ব তৈরি হয়।’

তিনি আরো বলেন, ‘পরবর্তী সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় রাজনৈতিক কর্মকাণ্ড পুনরায় চালু হয়। রাষ্ট্র সংস্কারের সার্থকতা নতুন আইন বা নতুন কাঠামো তৈরিতে নয়; বরং সেই কাঠামোর মাধ্যমে সাধারণ মানুষের জীবনকে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সমৃদ্ধ করে তোলার মধ্যে নিহিত। রাষ্ট্র সবার, দেশ সবার, স্বাধীনতা সবার এবং উন্নয়নের সুফলও সবার। তাই রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও জাতীয় স্বার্থে পারস্পরিক আস্থা, সহনশীলতা ও ঐক্যের ভিত্তিতে এগিয়ে যেতে হবে।’

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন নোবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবদুল কাইয়ুম মাসুদ, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, সেকশন অফিসার মো: জিয়াউর রহমান, শাখা কর্মকর্তা আবদুল কাদের রহমান, পরিবহন শাখার প্রধান সহকারী মিজানুর রহমান ও বার্তাবাহক মোশারফ হোসেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তামজিদ হোছাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো: শিবলুর রহমান।

এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মাইজদী শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলোর সভাপতিত্বে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো: শাহাজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব ও নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।