পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুরু
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুরু। নয়া দিগন্ত

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ভিসি অধ্যাপক ডা: মো: জাওয়াদুল হক বলেছেন, ‘রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সঙ্ঘটিত সিপাহী-জনতার বিপ্লবের লক্ষ্য ও প্রেরণা ধারণ করে জাতীয় সংহতি প্রতিষ্ঠা করতে হবে।’

Advertisement

শনিবার (৭ নভেম্বর) মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন ভিসি অধ্যাপক ডা: মো: জাওয়াদুল হক এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ ডা: মো: জাকির হোসেন খোন্দকার।

Advertisement

পতাকা উত্তোলন শেষে ৭ ডিসেম্বরের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন ভিসি। এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা: মো: শাহ আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মো: নাজিমুদ্দীন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা: মো: আব্দুল ওয়াদুদ, সহকারী রেজিস্ট্রার ডা: মো: সিরাজুল ইসলাম, সহকারী কলেজ পরিদর্শক ডা: মনিরুল ইসলাম ও সহকারী পরিচালক (অর্থ) খাইরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় ঐক্য ও সংহতি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, দেশ ও জাতির কল্যাণ এবং বিভিন্ন জাতীয় আন্দোলন-সংগ্রামে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার (৮ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে।