জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বক্তব্য রাখছেন হুইপ আখতারুজ্জামান মিয়া। নয়া দিগন্ত

জাতীয় সংসদের হুইপ মো: আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন, ‘বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য বুকে ধারণ করতে হবে। ইতিহাস মুছে ফেলা যাবে না। বিগত দিনে ইতিহাস মুছে দিয়ে দিবসের ভাবগাম্ভীর্য নষ্ট করার চেষ্টা করা হয়েছিল।’

Advertisement

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেয়ার আহ্বান জানান। 

Advertisement

উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোনাজ্জেম হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল নবী।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।