সাংবাদিকদের পেশাগত ও আর্থিক কল্যাণ, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা
সাংবাদিকদের পেশাগত ও আর্থিক কল্যাণ, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা। নয়া দিগন্ত

ভুমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অস্থিরতার নেপথ্যে কলকাঠি নাড়ছে পলাতক অপশক্তি। ইতোমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে।’

Advertisement

তিনি বলেন, ‘কিছু কিছু গণমাধ্যম প্রকৃত চিত্র তুলে না ধরে পোশাকখাতের অস্থিরতাকে শ্রমিক আন্দোলন হিসেবে প্রচার করে এই অস্থিতিশীলতাকে উস্কে দেয়ার অপচেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ তাদের ষড়যন্ত্র কিছুতেই সফল হতে দেবে না।’

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) যৌথ উদ্যোগে সাংবাদিকদের পেশাগত ও আর্থিক কল্যাণ, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)।

কাদের গনি চৌধুরী বলেন, ‘দাসত্ব সাংবাদিকতাকে মানুষ মনেপ্রাণে ঘৃণা করে। দাসত্ব সাংবাদিকতার কারণেই ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হয়েছে। আমাদের এত মিডিয়া থাকতে আয়নাঘরের খবর জানতে হয়েছে বিদেশী মিডিয়ার মাধ্যমে। ১৭ বছর ধরে যারা দাস সাংবাদিকতার চর্চা করেছে তারা এখন লোকচক্ষুর অন্তরালে অবস্থান করে, প্রকাশ্যে আসতে লজ্জা পাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের যেন ওই পরিণতি ভোগ করতে না হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমানে অপসাংবাদিকদের প্রভাব বেড়েছে। এর থেকে বের হতে হলে সরকারের উদ্যোগে প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে হবে।’

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির জামাল বলেন, ‘সাংবাদিকদের কল্যাণে যত উল্লেখযোগ্য প্রকল্প ও পরিকল্পনা আছে তার প্রায় সবটাই বিএনপি সরকারই নিয়েছে। আগে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সব সহযোগিতা শুধু একটি রাজনৈতিক দলের অনুসারি সাংবাদিকরাই পেত। কিন্তু বর্তমানে সেই প্রবণতা ভেঙে দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘পেশাদার ও অসচ্ছল সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ৬৫ বছরের বেশি বয়সী অসচ্ছল সাংবাদিকদের জন্য মাসিক ভাতা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ২৫ কোটি টাকায় উন্নীত করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে সহায়তা দেয়া হচ্ছে।’

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সিএমইউজের সাংগঠিনক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, সাংবাদিক আমিনুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সহ-সভাপতি মাহবুবুল মাওলা রিপন, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মোহাম্মদ আরিফ, সাংবাদিক কামরুল হুদা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী, বান্দরাবান প্রেস ক্লাবের সভাপতি নাছির উদ্দীন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ প্রফুল্ল, সাংবাদিক এমরান এমি ও বাকি বিল্লাহ চৌধুরী।

পরে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানের ২০ জন অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়।