বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমির, মাওলানা মো: মোবারক হোসাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নির্বাচিত আমির মাওলানা মো: মোবারক হোসাইন। । নয়া দিগন্ত

দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন মাওলানা মো: মোবারক হোসাইন। 

Advertisement

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২০২৭-২৮ কার্যকালের জন্য নির্বাচিত জেলা ও মহানগর আমিরদের তালিকা প্রকাশ করা হয়।

২০২৭-২৮ কার্যকালের জন্য মাওলানা মোবারক হোসাইন পুনরায় জেলা আমির নির্বাচিত হয়েছেন। এবার জেলার ৮৭৭ জন রোকন সরাসরি ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

এর আগে ২০২৫-২৬ কার্যকালের জন্য তিনি প্রথমবার জেলা আমির নির্বাচিত হন। এর আগে তিনি জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য।

মাওলানা মোবারক হোসাইন নরসিংদীর ঐতিহ্যবাহী জামেয়া কাসেমিয়া মাদরাসা থেকে কৃতিত্বের সাথে কামিল পাস করেন। ছাত্রজীবনেই তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত হন। ওই সময় তিনি সংগঠনটির নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছিলেন মাওলানা মোবারক হোসাইন। প্রার্থী ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালান। এতে স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া পান বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে নির্বাচনী জোটের স্বার্থে শেষ পর্যন্ত আসনটি এনসিপির প্রার্থীর জন্য ছেড়ে দেয় জামায়াত।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিভিন্ন উন্নয়ন ও জনস্বার্থমূলক কর্মকাণ্ডেও তিনি ভূমিকা রেখে আসছেন। তার বাড়ি এ আসনের আশুগঞ্জ উপজেলার তালশহর আন্দিদিল গ্রামে। নিজ এলাকা হওয়ায় সরাইল-আশুগঞ্জের মানুষের সাথে তার দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক যোগাযোগ রয়েছে।

নতুন কার্যকালে দ্বিতীয়বারের মতো জেলা আমির নির্বাচিত হওয়ায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।