জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সিরাজুল ইসলাম শেখ লালুকে আদালত থেকে কারাগারে নেয়া হয়। নয়া দিগন্ত

জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ লালুকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ২০ হাজার জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

Advertisement

বুধবার (৪ নভেম্বর) বেলা ১২টায় জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম শেখ লালু আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মরহুম আব্দুস ছাত্তার শেখের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালে বগুড়ার আদমদিঘী উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সাথে সিরাজুল ইসলাম শেখ লালুর বিয়ে হয়। বিয়ের ১৩ বছর পরেও তাদের সংসারে কোনো সন্তান না হওয়ায় প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো।

২০২৩ সালের ৭ মার্চ রাতে পারিবারিক কলহের জের ধরে সিরাজুল তার স্ত্রীকে গলায় রশ্মি প্যাঁচিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা পরদিন আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন।

একই বছরে ৩০ জুলাই তৎকালীন জেলা গোয়েন্দা শাখা, ডিবি পুলিশের এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা আমিরুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন৷ এ মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।