আলমডাঙ্গায় ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
গ্রেফতার মিজানুর মালিথা। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১৬ মামলার চার্জশিট ও ওয়ারেন্টভুক্ত আসামি মো: মিজানুর মালিথা ওরফে লিজু মালিথাকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে ডামোস অটো মিলের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিজানুর মালিথা আলমডাঙ্গা উপজেলার ডামোস গ্রামের মৃত হবিবার ওরফে হবি মালিথার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার মিজানুর মালিথার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু হওয়া একটি নিয়মিত মামলায় মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্ত ও রেকর্ডপত্র পর্যালোচনায় এই আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থানায় মাদক, চুরি এবং বিশেষ ক্ষমতা আইনের ১৬টি মামলার দীর্ঘ ইতিহাস পাওয়া গেছে। যার মধ্যে ২০১১ সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, চুরি ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। 

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।