
দিনাজপুরের নবাবগঞ্জে নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে নবাবগঞ্জ থানার ওসি আবদুল কুদ্দুস নয়া দিগন্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন উপজেলার বিনোদনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শাহী ইমরান (২৩) এবং জগন্নাথপুর গ্রামের নুরে আলম সিদ্দিক (২০) ও মাহাদি হাসান (২০)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশেরহাট পাকা সড়কে কয়েকজন ব্যক্তি শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের কাছে কুড়াল, লোহার রড, সামুরাই, হকিস্টিক ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়।
খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলাটির তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
ওসি আবদুল কুদ্দুস বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের দিনাজপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








