
কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর ভারতীয় মেডিক্যাল শিক্ষার্থী আদনান আলতাফের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত আদনান ভারতের কাশ্মীরের বারামুল্লা জেলার বনপাড়া এলাকার আলতাফ হোসাইন রাথার ছেলে। তিনি উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, গত সোমবার রাতে নিখোঁজ হন আদনান। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
পরিবারের দেয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। পরে আজ বুধবার সকালে ইস্টার্ন মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইস্টার্ন মেডিক্যাল কলেজের চেয়ারম্যান শাহ মো: সেলিম জানান, আদনান কিছুটা মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এ কারণে তার মাকে সাথে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তার নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করা হয়।
বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান জানান, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








