
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা, মহিপুর থানা ও কুয়াকাটা পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন শিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাশু সরকার কুট্রি, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি জাফরুজ্জামান খোকন হাং, কলাপাড়া পৌরসভার সভাপতি গাজী ফারুক, কুয়াকাটা পৌরসভার সভাপতি আব্দুল জলিল, মহিপুর থানার সভাপতি আব্দুল জলিল হাওলাদার, কলাপাড়া পৌরসভার সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহীপুর থানার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কলাপাড়া উপজেলার ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান, কুয়াকাটা পৌরসভার ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী।
সমাবেশে বক্তরা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো গোষ্ঠী যেন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য প্রতিহত করার লক্ষ্যে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও শৃঙ্খলা প্রতিরোধে রাজপথে সতর্ক অবস্থানে থাকার কথা জানান।
কর্মসূচিতে কলাপাড়া উপজেলা, মহিপুর থানা ও কুয়াকাটা পৌরসভার উদ্যোগে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এদিকে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়। কর্মসূচি চলাকালে তারা কলাপাড়া পৌর শহরে বিভিন্ন স্লোগান দেন।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন শিকদার বলেন, গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য শুরু করেছে। আমরা শান্তিতে থাকতে চাই। আমরা কোনো ঘর-বাড়িতে আগুন দেবো না। কিন্তু আপনারা বিশৃঙ্খলা করলে আমরা ছেড়েও দেবো না। এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন বলেন, আমরা শান্তিতে থাকতে চাই। আমরা আগুনসন্ত্রাস চাই না। আমি নিজে জেল খেটেছি। আওয়ামী লীগ আমলে আমার ওপর ১৫ বার হামলা করা হয়েছে। আমরা কিন্তু একবারও হামলা করিনি। আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করে না।
তিনি বলেন, আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক জিয়া কোনো অশান্তি চান না। আমরা নতুনভাবে বাংলাদেশ গড়তে চাই। শেখ হাসিনার পরিবার বিদেশে চলে গেছে কিন্ত আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে বাইরে চলে যাননি। জনগণের জন্য রয়ে গেছেন।
এ সময় তিনি কলাপাড়া ও রাঙ্গাবালীর গত নয় মাসের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। ভবিষ্যতে কলাপাড়াকে সুখী, সমৃদ্ধ ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সাগরপাড়ের জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
পাশাপাশি চলমান অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলায় কলাপাড়া ও রাঙ্গাবালীর সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে সহযোগিতা করার আহ্বান জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









