
নওগাঁর মহাদেবপুরে এক ভাঙারি ব্যবসায়ীর পিকআপভ্যান থেকে নয় লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মাত্র আট ঘণ্টার মধ্যে ছিনতাইয়ের নয় লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা কৃষক দলের নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর থানাধীন চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আটকরা হলেন উপজেলার ঈশ্বরলক্ষীপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে ও মহাদেবপুর কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিন (২৮), পিকআপভ্যানচালক উপজেলার ডিমজাউন গ্রামের সোহেল রানা ও উপজেলার রামচরনপুর দক্ষিণপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মুন্না রহমান (৩৫)।
সরেজমিনে গিয়ে জানা গেছে, মহাদেবপুর উপজেলা সদরের পশ্চিম পাশে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বাসিন্দা আব্দুল আলিম ভাঙারির ব্যবসা করেন। মঙ্গলবার আব্দুল আলিমের চাচাতো ভাই দোকানের ম্যানেজার মজনু ও পিকআপভ্যানচালক সোহেল বগুড়া থেকে ভাঙ্গারি বিক্রি করে নয় লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরের বাসায় আসছিলেন। মহাদেবপুর থানাধীন চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় পৌঁছালে পিকআপটি নষ্ট হয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা দুইটি মোটরসাইকেলে এসে মজুনকে মারধর করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
মজনুর চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনার খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ও নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ওই রাতেই মহাদেবপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে যৌথ টিম অভিযান শুরু করে। অভিযানে ঘটনার আট ঘণ্টার মধ্যেই ছিনতাইয়ের নয় লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সাথে ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিন ও মুন্নাসহ তিন জনকে আটক করা হয়
উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, ‘উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিনকে দল থেকে বহিষ্কার করা হবে।’
বুধবার সকালে মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, ‘সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








