বড়াইগ্রামে ঋণের চাপে বসতভিটা হারানো কলেজশিক্ষকের আত্মহত্যা
নিহত শিক্ষক শৈলেন্দ্র কুমার চৌধুরী মানিক। ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রামে দীর্ঘ দুই যুগ বিনা বেতনে শিক্ষকতা করে এবং ঋণের চাপে অতিষ্ঠ হয়ে শৈলেন্দ্র কুমার চৌধুরী মানিক (৫৬) নামে এক কলেজ শিক্ষক আত্মহত্যা করেছেন। প্রায় দুই যুগ ধরে শিক্ষকতা করেও তিনি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সরকারি তহবিল মান্থলি পেমেন্ট অর্ডারের (এমপিও) অন্তর্ভুক্ত না হওয়ায়, কোনো বেতন পাননি। ঋণের দায় মেটাতে নিজের বসতভিটা পর্যন্ত বিক্রি করে স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতে বাধ্য হন। সেই ভাড়া বাসাতেই তিনি আত্মহত্যা করে মারা যান। 

Advertisement

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে ইঁদুর মারার ট্যাবলেট সেবন করে তিনি আত্মহত্যা করেন।

নিহত মানিক কালিকাপুর-বনপাড়া কৃষি ও কারিগরি কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার দিয়ারপাড়া মহল্লার মৃত শ্যামা প্রসাদ চৌধুরীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৩ মার্চ তিনি ওই কলেজের উচ্চমাধ্যমিকের সাধারণ শাখায় প্রভাষক পদে যোগদানের পর থেকে বিনা বেতনে পাঠদান করে আসছিলেন। কলেজের কারিগরি শাখা এমপিওভুক্ত হলেও দীর্ঘ সময়েও সাধারণ শাখা এমপিওভুক্ত না হওয়ায় তিনি কোনো সরকারি আর্থিক সুবিধা পাননি। বছরের পর বছর ধরে সংসার চালানো এবং দৈনন্দিন জীবিকার ব্যয় মেটাতে গিয়ে তিনি বিপুল পরিমাণ ঋণে জর্জরিত হয়ে পড়েন।

একপর্যায়ে ঋণের দায় মেটাতে নিজের বসতভিটা পর্যন্ত বিক্রি করে স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। দীর্ঘদিন ধরে উপার্জনহীন থাকা এবং দেনাদারদের পাওনা টাকার ক্রমাগত চাপে তিনি চরম মানসিক হতাশায় ভুগতেন। ঘটনার দিন গত সোমবার সন্ধ্যায় ভাড়া বাসায় স্ত্রী-সন্তানের অনুপস্থিতির সুযোগে তিনি ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। পরে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের সহকর্মী (নন-এমপিও) প্রভাষক সোহেল রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তিনি হয়ত মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না। দুই দশক ধরে বিনা বেতনে সেবা দেয়ার পরও রাষ্ট্র একজন শিক্ষকের ন্যূনতম জীবিকার নিশ্চয়তা দিতে পারেনি, এটা অত্যন্ত দুঃখজনক।’

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।