লাশ উদ্ধার
প্রতীকী ছবি। নয়া দিগন্ত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকার একটি ধানক্ষেত থেকে আনুমানিক ৪৮ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

Advertisement

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার কুসমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পেপুলবাড়িয়া গ্রামের আগাড়ের মাঠের ইসমাইলের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। 

সীমান্তবর্তী এলাকার ধানক্ষেতে এমন রহস্যজনকভাবে বোরকা পরা মধ্যবয়সী নারীর লাশ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য বিল্লাল গণি খেদের জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধানক্ষেতের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখা যায়। ওই নারী কিভাবে সীমান্ত এলাকায় এসেছিলেন তা জানা যায়নি।

এ বিষয়ে কুসুমপুর বিজিবির নায়েব সুবেদার ভূঁইয়া ইকবাল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বোরকা পরিহিত অজ্ঞাত নারীর নাক দিয়ে রক্ত বের হচ্ছিল এবং তার একটি কানের কিছু অংশ ক্ষত ছিল। তবে তিনি কবে মারা গেছেন, তা এখনই বলা যাচ্ছে না।’

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, ‘অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য কাজ করছে। লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।’