সিংড়া উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভা
সিংড়া উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভা। সংগৃহীত ছবি

নাটোরের সিংড়ায় চলনবিল পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে চলনবিল পুনরুদ্ধারের লক্ষ্যে এই এলাকার ভূমি ও পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা এবং জীবনযাত্রার মানের সম্ভাব্যতা যাচাই সমীক্ষার চিত্র তুলে ধরে এই সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) পাবলিক ট্রাস্ট, পানিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতর, পানিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশকর্মী, কৃষক ও মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতরের উপপরিচালক ও প্রকল্প পরিচালক মোহাম্মদ তানভীরুল হক, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, বিএডিসির সহকারী প্রকৌশলী মানিক রতন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, সিংড়া ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক ও স্থানীয় এমপির প্রতিনিধি মিলন হোসেন, চলনবিল রক্ষা আন্দোলনের সদস্যসচিব এস এম মিজানুর রহমান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

সভায় চলনবিলের পানির গতি প্রবাহ স্বাভাবিক রেখে পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং এই বিলের জীববৈচিত্র্য সংরক্ষণে জন সচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।