গ্রেফতার মো: শাহজাহান হাওলাদার
গ্রেফতার মো: শাহজাহান হাওলাদার। নয়া দিগন্ত

ঝালকাঠির রাজাপুরে নুরে আলম নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় চার দিন পর মামলার প্রধান আসামি মো: শাহজাহান হাওলাদারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মধ্য কবুতরখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহজাহান হাওলাদার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার মরহুম আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে। 

রাজাপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার মো: শহিদুল ইসলাম মঠবাড়িয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পরে তাকে রাজাপুর থানায় নেয়া হয়।

পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে কাউখালী থানায় পুলিশ সদস্যের স্ত্রী হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, নুরে আলম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজাপুরের নৈকাঠি এলাকার বাসিন্দা নুরে আলমকে ভাড়া বাসা থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে কাঠিপাড়া এলাকার কতবেলতলার একটি নালায় লাশ ফেলে যায়। পরদিন সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মো: মাহে আলম বাদী হয়ে ওইদিনই রাজাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো চার থেকে পাঁচজনকে আসামি করা হয়। মামলায় শাহজাহান হাওলাদারকে প্রধান আসামি করা হয়েছে।