গ্রেফতার মোহাম্মদ ওয়ালীউল্লাহ
গ্রেফতার মোহাম্মদ ওয়ালীউল্লাহ। নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) মোহাম্মদ ওয়ালীউল্লাহকে (৪১) গ্রেফতার করেছে আড়াইহাজার থানা-পুলিশ।

Advertisement

সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে গ-সার্কেল মেহেদী ইসলাম ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওয়ালীউল্লাহ নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামের মো: আব্দুল্লাহর ছেলে। 

নারায়ণগঞ্জের গ-সার্কেল মেহেদী ইসলাম জানান, ওয়ালীউল্লাহকে আটক করার জন্য বেশ কয়েকদিন যাবৎ চেষ্টা করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।