ভূরুঙ্গামারীতে মাদকাসক্ত ছেলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা
ভুক্তভোগী নাসিমা বেওয়া জীবনের নিরাপত্তা চেয়ে ইউএনওর কাছে আবেদন জানালে তিনি তাকে থানায় জিডি করার পরামর্শ দেন। নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাজু মিয়া (২২) নামে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে। ছেলের ভয়ে ভুক্তভোগী মা ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। 

Advertisement

সোমবার (২ নভেম্বর) দুপুরে নাসিমা বেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে ছেলের হুমকির বিষয়টি জানিয়ে নিজের জীবনের নিরাপত্তা চান। এসময় ইউএনও তাকে থানায় জিডি করার পরামর্শ দেন।

এর আগে, রোববার রাতে ভূরুঙ্গামারী থানায় গেলে পুলিশ তাকে ইউএনওর সাথে যোগাযোগের পরামর্শ দেন বলে ভুক্তভোগী নাসিমা বেওয়া জানান। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া দফাদার পাড়া এলাকার মরহুম হবিবর রহমানের ছেলে রাজু মাদকাসক্ত। মাদকাসক্ত রাজুর নির্যাতন সইতে না পেরে তার স্ত্রী বছর খানেক আগে স্বামী ও সন্তান রেখে ঢাকা চলে যায়। এরপর রাজু আরো বেপরোয়া হয়ে ওঠে। মাদকের টাকার জন্য সে তার মায়ের ওপর নানাধরণের অত্যাচার-নির্যাতন চালায় এবং ঘরের জিনিসপত্র বিক্রি শুরু করে। 
গত ২ জুন ভ্রাম্যমাণ আদালত মাদকাসক্ত রাজুকে ১০০ টাকা জরিমানাসহ পাঁচ মাসের কারাদণ্ড দেন। রোববার সে জেল থেকে মুক্তি পেয়ে মোবাইল ফোনে তার মা নাসিমা বেওয়াকে (৪৭) প্রাণনাশের হুমকি দেয়। ছেলের ভয়ে নাসিমা বেওয়া কোনো উপায় না পেয়ে নাতি মিনহাজকে নিয়ে বাপের বাড়ি পাইকেরছড়া গ্রামে চলে যান।

নাসিমা বেওয়া বলেন, ‘বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। থানায় গেছি, থানা থেকে ইউএনওর কাছে আসতে বলেছে। ওনার কাছে আসলাম, ওনি আবার থানায় যেতে বললো। রাজু আমাকে দেখলে মেরে ফেলবে।’

ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, ‘খবর পেয়ে রোববার রাতে রাজুর বাড়িতে যাই, কিন্তু সে কোনো কথাই শুনতে চায় না। সে তার মাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং ঘরবাড়ির বেড়া ও তালা ভেঙ্গে ফেলেছে। ছেলের ভয়ে তার মা নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে।’

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, ‘এক মাদকাসক্ত ছেলের মা অভিযোগ নিয়ে এসেছিল। তাকে থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়েছে।’

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, ‘প্রাণনাশের হুমকি সংক্রান্ত বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’