শৈলকুপায় সেচের পাইপ নিয়ে সংঘর্ষে আহত ১০, ভাঙচুর-গরু লুট
সংঘর্ষের ঘটনায় বাড়িঘর ও মোটরসাইকেল ভাঙচুরসহ গরু লুটের ঘটনা ঘটে। নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপায় অন্যের জমির ওপর দিয়ে সেচ পাম্পের পাইপ নেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সংঘর্ষে ঘটনায়  ১০টি বাড়িঘর ও একটি মোটরসাইকেল ভাঙচুর এবং তিনটি গরু লুটের অভিযোগ পাওয়া গেছে।

Advertisement

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের দীগলগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেচ পাম্পের ফিতা অন্যের জমির ওপর দিয়ে নেওয়াকে কেন্দ্র করে সামাজিক মাতব্বর মাহাতাবের সমর্থকরা কাশেম মাতব্বরের সমর্থকদের সাথে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। বাকবিতণ্ডার এক পর্যায়ে মাহাতাবের লোকজন কাশেম মাতব্বরের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মুক্তার মোল্লা, কাশেম মোল্লা, ইনতাজ মোল্লা, মোন্তাজ মোল্লা, মিন্টু পুলিশ, লতিফ, ওহাব, তারিফ ও আরিফের বাড়িসহ অন্তত ১০ টি বাড়িঘর ভাঙচুর এবং বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা লতিফ মুন্সীর তিনটি গরু লুট করে নিয়ে গেছে ও মিলন মোল্লার একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে বলেও অভিযোগ ওঠেছে। 

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির মোল্লা জানান, ‘সংঘর্ষের ঘটনা ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’