
ঢাকার আশুলিয়ায় আন্দোলনকারী পোশাক শ্রমিকদের ইটের আঘাতে নুরুজ্জামান সামি (১০) নামে বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনাকে পুলিশের গুলিতে শিক্ষার্থী আহত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে। মূলত ইটের টুকরার আঘাতে ওই শিক্ষার্থী আহত হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীর পরিবার নিশ্চিত করেছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে ওই শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় পুলিশের গুলিতে শিক্ষার্থী আহত হয়েছে বলে ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে।
নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানী বাজার এলাকায় আন্দোলনকারীদের ইট-পাটকেলের আঘাতে ওই ছাত্রের মাথা ফেটে যায়। পরে, তাকে দ্রুত জিরানী বাজার এলাকার নাসির উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত শিক্ষার্থী বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পলাশ শাখার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং গাজীপুর মহানগরীর পানিশাইল এলাকা মো: ইউসুফের ছেলে।
বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক স্বপন কুমার জানান, সকাল ১১টার দিকে স্কুল ছুটি হলে বাসায় ফেরার পথে আন্দোলনকারীদের ইট-পাটকেলের আঘাতে ওই ছাত্রের মাথা ফেটে যায়। পরে তাকে নাসির উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে পরিবারের জিম্মায় বাসায় পাঠানো হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।
নাসির উদ্দিন মেমোরিয়াল হাসপাতালের হেল্প ডেস্কে কর্মরত বিথী আক্তার জানান, শিশুটির মাথায় জখম ছিল। জরুরি বিভাগের চিকিৎসক ডা: নাজমুল ইসলামের পরামর্শে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং মাথায় দুটি সেলাই দেয়া হয়। চিকিৎসা শেষে তাকে রিলিজ দেয়া হয়েছে।
আহত শিক্ষার্থী সামির বাবা মো: ইউসুফ মুঠোফোনে জানান, ‘আমার ছেলে স্কুল থেকে বাসায় ফেরার পথে আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়। পরে হাসপাতালে নিয়ে তার মাথায় দুটি সেলাই দেয়া হয়েছে। বর্তমানে সে বাসায় সুস্থ আছে। তবে আমার ছেলেকে গুলি করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ গুজব ও অপপ্রচার। আমার ছেলের গায়ে কোনো গুলির আঘাত লাগেনি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








