মানববন্ধন
চাটমোহরে বিতর্কিত সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। নয়া দিগন্ত

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন, মূলগ্রাম, মথুরাপুর ও ডিবিগ্রাম ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ এবং মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মীরা।

Advertisement

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় পৌর সদরের উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোটা অঙ্কের ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিগত সরকারের দলীয় (আওয়ামী) পরিবারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবৈধভাবে সার ডিলার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। প্রকৃত ও অভিজ্ঞ পুরনো সার ব্যবসায়ীদের বাদ দিয়ে চরম অনিয়মের মাধ্যমে এসব ডিলারশিপ দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

বক্তারা অবিলম্বে এই বিতর্কিত ডিলারশিপ বাতিল করে প্রকৃত ও অভিজ্ঞ সার ব্যবসায়ীদের পুনরায় ডিলার নিয়োগের জোর দাবি জানান। একই সাথে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম ও দুর্নীতির সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন চাটমোহর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল করিম তারেক, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজির সরকার, গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, বিলচলন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো: আফসার আলী নেভী, ডিবিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডা. সাইফুল ইসলাম এবং মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইয়াসিন আলী।

এ সময় উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।