লাশ উদ্ধার
খুলনায় নদী থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। নয়া দিগন্ত

খুলনায় রূপসা উপজেলার আঠারোবেকি নদীর ঘাট থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতি ইউনিয়নের সিংহেরচর এলাকার জেলখানা ঘাটসংলগ্ন আলম মেম্বারের ঘাট থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে প্রথমে নদীর কাঁদার মধ্যে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে ভাটায় নদীর পানি কমে গেলে সেখানে আরো একটি লাশ দেখতে পাওয়া যায়। পুলিশকে জানানো হলে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। 

উদ্ধার হওয়া দু’জনের মধ্যে একজনের পরিচয় মেহেদী হাসান সোহাগ (৩৫)। তিনি রূপসা উপজেলার রাজাপুর এলাকার আব্দুল্লাহর ছেলে। তিনি জেলখানা ঘাটের মাঝি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অপরজনের নাম রেজাউল করিম (৩০)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোহাগ বি কোম্পানির সদস্য ছিলেন। তবে তাদের মৃত্যুর ও লাশ নদীতে আসার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, লাশ দুটি নদীর চরে আটকে ছিল এবং সেগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। উভয়ের মাথায় ক্ষতচিহ্নও দেখা গেছে। 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর জোয়ারের পানিতে সেগুলো ভেসে ওই এলাকায় এসেছে।’

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় সৈয়দ হুমায়ুন কবির নামে তাঁতীদলের এক নেতা নিহত হন। এর আগে শনিবার রাতে নগরের দারোগাপাড়া এলাকায় চাপাতির কোপে শহিদুল (৩৫) নামে এক যুবক খুন হন।