
চট্টগ্রামের মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে ট্রাকচালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকসহ দু’জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বারৈয়ারহাট মঈনউদ্দিন ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের সহকারীর নাম মিলন (২০)। আহত দু’জন হলেন— ট্রাকচালক মানিক (৩৫) ও অপর হেলপার বিল্লাল (৩৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা অপর একটি ট্রাক সামনের ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই ট্রাকের হেলপার মিলন নিহত হন। এ সময় চালক ও অপর ট্রাকের হেলপার গুরুতর আহত হন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, সকালে দুই ট্রাকের সংঘর্ষে পেছনের ট্রাকের চালক ও সহকারী কেবিনে আটকে যায়। আমরা খবর পেয়ে হাইওয়ে পুলিশসহ তাদের উদ্ধার করি। পরে পুলিশের সহযোগিতায় ট্রাক দু’টি থানায় নিয়ে যাওয়া হয়। এছাড়া উদ্ধার হওয়া আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান জানান, চট্টগ্রামমুখী লেনে দুই ট্রাকের সংঘর্ষের সংবাদটি আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি, সংঘর্ষে পেছনের ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারীকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দু’টি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








