
নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দাপা ইদ্রাকপুরের বেপারীপাড়ায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন কার্যক্রম নিষিদ্ধ ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৫৫) এবং তার বড় ভাই ফতুল্লা ইউনিয়নের বৃহত্তর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান (৬০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের (পিপিএম) নির্দেশনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলমের নেতৃত্বে পুলিশের একাধিক দল দাপা বেপারীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে সহোদর দুই ভাই হুমায়ুন কবির ও হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
একাধিক সূত্রে জানা যায়, হুমায়ুন কবির কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের অন্যতম আস্থাভাজন।
অন্যদিকে, তার বড় ভাই হাবিবুর রহমান বিদেশে অবস্থানরত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী ছিলেন।
সূত্রগুলোর দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর তৃণমূল পর্যায় থেকে শুরু করে দলটির শীর্ষ পর্যায়ের মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা আত্মগোপনে চলে যান। তবে এই দুই ভাই নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। প্রথম কয়েক দিন তারা বাড়ি থেকে বের হতেন না। পরে প্রকাশ্যে চলাফেরা শুরু করেন।
সূত্রের ভাষ্য, হুমায়ুন কবির প্রতিদিন পাইলট উচ্চবিদ্যালয়ের গেটসংলগ্ন একটি দোকানে দিনে ও রাতে দুই দফায় মোট সাত থেকে আট ঘণ্টা বসে থাকতেন। অন্যদিকে, হাবিবুর রহমান প্রকাশ্যে চলাফেরা করতেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, হুমায়ুন কবিরের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে। হাবিবুর রহমানের বিরুদ্ধেও বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








