নিহত তাহের আলী
নিহত তাহের আলী। নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর তাহের আলী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

রোববার (১ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তাহের আলী উপজেলার সাগরইল গ্রামের মরহুম দেওয়ান মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহের আলী। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রোববার বিকেলে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে গিয়ে ধানক্ষেতের মধ্যে তার লাশ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত তাহের আলীর ছেলে সোহেল বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি একাধিকবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে তা উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আগামীকাল ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।