
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এ পদযাত্রা কর্মসূচি শুরু হয়। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের ও সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমাসহ জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ফাতিমা তাসনিম জুমা বলেন, তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাফের জিরো পয়েন্ট পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন তারা।
তিনি বলেন, তাদের তিন দফা দাবি হলো ১৮ ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার, জুলাইয়ের গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং শাপলা চত্বর, পিলখানা ও জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।
ফাতিমা তাসনিম জুমা বলেন, এসব দাবি শুধু ইনকিলাব মঞ্চের নয়, বরং দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি। জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ধরনের আপস ছাড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সমাবেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, গণরুম-গেস্টরুম সংস্কৃতি, প্রশ্নফাঁস, বিচারহীনতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে দেশকে বের করে আনতে হবে। প্রশ্নফাঁসের মতো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর শাস্তির পরিবর্তে বদলির মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরে শহীদ ওসমান হাদি হত্যার এক বছর পূর্ণ হতে চলেছে। এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় আবেদন জানানো হলেও এখনো প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে আব্দুল্লাহ আল জাবের বলেন, গত আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করা হলেও বিভিন্ন ঘটনায় তার প্রতিফলন দেখা যাচ্ছে না। তিনি বাসে ডাকাতি, একজন ফ্লাইট লেফটেন্যান্টের লাশ নদীতে ভেসে ওঠা এবং মিরাজ শেখের দীর্ঘদিন নিখোঁজ থাকার প্রসঙ্গ তুলে ধরেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সংবিধান ও গণভোটের রায় বাস্তবায়নেরও দাবি জানান তিনি।
সমাবেশ থেকে আগামী ডিসেম্বরে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে আয়োজিত আন্দোলনে অংশ নেওয়া এবং ইনকিলাব মঞ্চের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








