ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় শ্রমিকবাহী জিপের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় জিপের চালককে আটক করেছে পুলিশ।

Advertisement

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের পানির ট্যাংকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো: ইব্রাহিম জানান, শ্রমিকবাহী জিপের ধাক্কায় ওই বৃদ্ধা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বৃদ্ধার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় জিপের চালককে আটক করা হয়েছে।