বক্তব্য রাখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
বক্তব্য রাখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নয়া দিগন্ত

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘প্রত্যেকটি ক্রীড়া সংস্থা ও সংগঠকদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে তদন্তের জন্য একাধিক কমিটিসহ দুর্নীতি দমন কমিশন কাজ করছে।’

Advertisement

তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ড থেকে শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আর্চারিসহ বিভিন্ন ফেডারেশনের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ আমাদের কাছে রয়েছে।’

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুরে স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে তিনি শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ক্রিকেট গার্ডেন পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি কমিটি করেছি। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন কাজ করছে। যারা এই দুর্নীতির সাথে জড়িত রয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘আমরা প্রত্যেকটি ফেডারেশনকে জবাবদিহিতার আওতায় আনতে চাই। পাশাপাশি প্রত্যেকটি জেলা ক্রীড়া সংস্থাও সেই জবাবদিহিতার ভেতরে থাকবে। আমরা আশা করি, এই জবাবদিহিতার মধ্য দিয়ে আমরা প্রত্যেকটি ফেডারেশন, জেলা ক্রীড়া সংস্থাকে দুর্নীতিমুক্ত করতে পারব।’

তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তুলে আনতে স্পোর্টসের মাধ্যমে ১০টি ইভেন্টের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত প্রতিটি জেলা ক্রীড়া সংস্থায় ‘নতুন কুঁড়ি’র ১০টি ইভেন্ট আয়োজন করা হবে।’

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আর্চারি, হকি, বক্সিং ও জিমন্যাস্টিকসসহ বছরব্যাপী ১৫টি ইভেন্টের একটি ক্যালেন্ডার তৈরি করে জেলা প্রশাসকদের কাছে দেয়া হবে। জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি গঠনের পর সংশ্লিষ্ট সাধারণ সম্পাদকের মাধ্যমে বছরব্যাপী এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

তিনি আরো বলেন, ‘প্রতিটি বিভাগীয় জেলা স্টেডিয়ামের উন্নয়নের ধারাবাহিকতায় রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কারের জন্য ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) তৈরি করা হচ্ছে। প্রয়োজনে রংপুরে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সংরক্ষিত নারী আসনের এমপি রেজেকা সুলতানা ফেন্সি, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশেনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডনসহ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সংগঠকরা।

রংপুরে মতবিনিময় শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক লালমনিরহাট যান।