অ্যাম্বুলেন্সযোগে লাশ নিজ গ্রামে পৌঁছালে ভিড় করেন স্বজন ও স্থানীয়রা
অ্যাম্বুলেন্সযোগে লাশ নিজ গ্রামে পৌঁছালে ভিড় করেন স্বজন ও স্থানীয়রা। নয়া দিগন্ত

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় আগুনে নিহত বাকি পাঁচজনের লাশ এসে পৌঁছেছে নওগাঁয়।

Advertisement

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে নওগাঁর নিজ নিজ গ্রামে এসে পৌঁছায় পাঁচ প্রবাসীর লাশ। এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে লাশগুলো সৌদি আরব থেকে বাংলাদেশে আসে।

লাশগুলো গ্রামে পৌঁছানোর পর স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। প্রিয় মুখগুলোকে এক নজর দেখতে লাশবাহী অ্যাম্বুলেন্সের পাশে ভিড় করতে থাকেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

গত ৯ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় আগুনের ঘটনায় ১৬ জন বাংলাদেশী প্রবাসী মৃত্যবরণ করেন। এর মধ্যে ১২ জনের বাড়িই নওগাঁ জেলায়।

১৬ জনের মধ্যে গত ২৭ আগস্ট নয়জনের লাশ দেশে আসে। এরপর আজ বাকি সাতজনের লাশ দেশে এসে পৌঁছেছে। সাতজনের মধ্যে পাঁচজনের বাড়ি নওগাঁ জেলায়। এই পাঁচজনের মধ্যে চারজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় ও একজনের বাড়ি নওগাঁ সদর উপজেলায়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ দূতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লাশগুলো শনাক্তের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় আগুনের ঘটনায় ১৬ জন বাংলাদেশী কর্মী মৃত্যুবরণ করেন। এর মধ্যে গত ২৭ আগস্ট নয়জনের লাশ বাংলাদেশে পাঠানো হয়। বাকি সাতটি লাশের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইতোমধ্যে লাশগুলো বাংলাদেশে পাঠানোর যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে লাশগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া নওগাঁর বাকি পাঁচজন হলেন— নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব ও সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।

নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লাশগুলো বিনা খরচে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করা হবে।