
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আওয়ামী লীগ সভাপতি ও বিএনপির কৃষকদল সভাপতির সমর্থকদের সংঘর্ষে মন্নার মিয়া (৬০) নামে এক বিএনপিকর্মী নিহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মন্নার মিয়া নিজগাঁও গ্রামের আব্দুল হেকিমের ছেলে ও কৃষকদলের ইউনিয়ন কমিটির আহ্বায়ক রুপ মিয়ার চাচা। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ মন্নার মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজব আলী ও ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রউফ মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিগত আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার দুই গ্রুপের সংঘর্ষ হয়। উভয়পক্ষে কমপক্ষে ডজন খানেক মামলা রয়েছে।
শনিবার দুপুরে বিরোধপূর্ণ জায়গায় রউফ মিয়া বেড়া দিতে গেলে আজব আলীর লোকজন তা তুলে ফেলতে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে কৃষকদলের আহ্বায়ক রউফ মিয়ার পক্ষের বিএনপিকর্মী মন্নার মিয়া গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান বলেন, আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত কারণে দুই পক্ষের লোকজনের মাঝে ইতোপূর্বে একাধিকবার সঙ্ঘাত-সংঘর্ষ হয়েছে। এ নিয়ে মামলা-মোকদ্দমাও আছে। এর জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মন্নার মিয়া নিহত হয়েছে।
এ বিষয়ে শাল্লা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বলেন, পূর্ব বিরোধের জেরে আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজব আলীর সাথে ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রউফ মিয়ার পক্ষের সংঘর্ষে বিএনপিকর্মী মন্নার মিয়া নিহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ দুই পক্ষের সংঘর্ষে মন্নার মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








