এইচএসসির ফল প্রকাশের পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের উচ্ছ্বাস
এইচএসসির ফল প্রকাশের পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের উচ্ছ্বাস। নয়া দিগন্ত

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩১৩ জন শিক্ষার্থী। 

Advertisement

গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দু’টিই কমেছে। ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষার ফলাফলসংক্রান্ত তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ২৭২ জন। পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে ও ৩৬ হাজার ৭২৮ জন ছেলে। উত্তীর্ণদের মধ্যে মেয়ে ২৮ হাজার ৪১৫ জন ও ছেলে ১৫ হাজার ৮৫৭ জন।

এ বছর জিপিএ-৫ পাওয়া এক হাজার ৩১৩ জন শিক্ষার্থীর মধ্যে মেয়ে ৮২১ জন ও ছেলে ৪৯২ জন। মেয়েদের পাসের হার ৫১ দশমিক ২৬ শতাংশ, অন্যদিকে ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ।

গত বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল দুই হাজার ৭০৭ জন। সে হিসাবে এবার পাসের হার কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে এক হাজার ৩৯৪ জন।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, ১৫টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম বলেন, ইংরেজি ও উচ্চতর গণিতে ফেলের হার বেশি থাকায় এবার মোট ফলাফলে প্রভাব পড়েছে।