
সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ, বিদেশী প্রসাধনীর লেবেলে আমদানি ও বিএসটিআইয়ের ছাড়পত্র সংক্রান্ত তথ্য না থাকা এবং পণ্যের মোড়কজাত বিধিমালা অনুসরণ না করার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার নিমগাছি ও চান্দাইকোনা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিরাজগঞ্জ জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে সাথী বেকারির মালিক মোছা: কুলসুম আরাকে ২০ হাজার টাকা, বেলি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের মালিক মো: জাকির হোসেনকে ৪০ হাজার টাকা এবং জিয়াসমিন শোরুমের মালিক মো: জাহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো: সোহেল শেখ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ফল, ভোজ্য তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১২) সদস্য, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো: ইব্রাহিম হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








