
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নে সার ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার আটপুকুর হাটে কাজিহাল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কাজিহাল ইউনিয়নে ‘মেসার্স জিন্নাত সরকার’ নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: আক্কাস আলীকে সার ডিলার হিসেবে নিয়োগ দেয়ার প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে। তারা ওই নিয়োগকে অবৈধ দাবি করে তা বাতিলের আহ্বান জানান।
বক্তারা আরো অভিযোগ করেন, তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে এই নিয়োগ নেয়া হয়েছে।
মানববন্ধন থেকে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ওঠা অভিযোগগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়। একইসাথে বর্তমান নিয়োগ বাতিল করে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নতুন করে ডিলার নিয়োগের আহ্বান জানান বক্তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








