বালু উত্তোলন, ড্রেজার, জব্দ, অভিযান, বাঁধ
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পরিচালিত অভিযানে ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পরিচালিত অভিযানে সাতটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা নৌকাযোগে তিনটি ড্রেজার নিয়ে পালিয়ে যান।

Advertisement

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চর ভূরুঙ্গামারী ইউনিয়নে সামাদের ঘাট এলাকার দুধকুমার নদে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট জামিলুর রহমান।

জানা গেছে, স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, আজিজুল হক ও সোহেল রানার নেতৃত্বে একটি প্রভাবশালী বালু উত্তোলনকারী চক্র দীর্ঘদিন যাবত দুধকুমার নদ থেকে ১০টি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন। নদের তীর রক্ষা বাঁধের খুব কাছ থেকে বালু উত্তোলন করায় তীর রক্ষা বাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত সাতটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা নৌকাযোগে তিনটি ড্রেজার নিয়ে পালিয়ে যান। জব্দ পাঁচটি ড্রেজার থানায় নিয়ে যাওয়া হয়। অপর দুটি ড্রেজার নদের মাঝখানে থাকায় ইউপি সদস‍্যের জিম্মায় রেখে পরবর্তীতে থানায় জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

নির্বাহী ম‍্যাজিস্ট্রেট জামিলুর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব‍্যাহত থাকবে।