গ্রেফতার
চুয়াডাঙ্গায় ২৭ মামলার শীর্ষ মাদক কারবারি পিয়াল সাদ্দাম গ্রেফতার। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ২৬টি মামলার বিচারাধীন ও ১টি সাজাপ্রাপ্ত মামলার পলাতক শীর্ষ মাদক কারবারি মো: পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহমুদ সাদ্দামকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে আলমডাঙ্গা থানার মিয়াপাড়া ক্যানালপাড়া ও গোবিন্দপুর মাঠপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মো: মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় আলমডাঙ্গা থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে মিয়াপাড়া ক্যানালপাড়ার একটি ডোবার কাছ থেকে পিয়ালকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ২০৩ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত পিয়ালের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ৫টা ৫০ মিনিটে আলমডাঙ্গা থানাধীন গোবিন্দপুর মাঠপাড়া গ্রামে তার নিজস্ব গোডাউনে তল্লাশি চালানো হয়। 

গোডাউনের টেবিলের নিচ থেকে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে: ১টি ১৪ ইঞ্চি লম্বা লোহার চাপাতি, কাঠের বাটযুক্ত ১টি দেশীয় লোহার কুড়াল, ১০.৫ ইঞ্চি দৈর্ঘ্যের ২টি লোহার ছুরি, কাঠের বাটযুক্ত ২৪ ইঞ্চি লম্বা ১টি বড় লোহার ছোরা, স্টিলের বাটযুক্ত ৩৩ ইঞ্চি লম্বা ১টি বড় ছোরা এবং ৪৪.৫ ইঞ্চি লম্বা ১টি লোহার রড।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত পিয়াল সাদ্দামের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ২৬টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআর-৪৪/২০ (আলমডাঙ্গা) মামলায় তাকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আদালত থেকে তার বিরুদ্ধে পরোয়ানা জারি থাকলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের অপব্যবহার ও অবৈধ ব্যবসা প্রতিরোধ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।