সড়ক দুর্ঘটনা
রায়পুরায় জামাই-শ্বশুরের সিএনজির মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, শিশুসহ আহত ১১। নয়া দিগন্ত

নরসিংদীর রায়পুরা-আরশিনগর সড়কে জামাই ও শ্বশুর বহনকারী দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই উজ্জ্বল প্রশান্ত কুমার শীল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মেথিকান্দা গ্রামের মৃত নারায়ণ চন্দ্রের ছেলে।

Advertisement

আহতরা হলেন— কেশব চন্দ্র শীল (৫৪), সাজ্জাদ (২০), সোনিয়া শীল (৩৪; পিতা: কেশব চন্দ্র শীল), সুস্মিতা (১০), রুহুল আমীন (৩০), লিপি (২৮), আনাছ (৪), মাঈন উদ্দিন (৩৫), প্রল্লাদ (১), গিয়াস উদ্দিন (৫৫) ও অলি (৪৫)-সহ শিশু মিলে মোট ১১ জন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টায় রায়পুরা-আরশিনগর সড়কের হাসনাবাদ খানাবাড়ী ১০ নম্বর ব্রিজ সংলগ্ন মাহমুদনগরে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, জামাই উজ্জ্বল প্রশান্ত শীল নরসিংদী থেকে সিএনজিযোগে রায়পুরা আসার পথে বিপরীত দিক থেকে শ্বশুর কেশব চন্দ্র শীলকে বহনকারী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। শ্বশুরকে বহনকারী সিএনজিতে তার মেয়ে সোনিয়া শীলসহ তার শিশু সন্তান ছিল।

দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। শ্বশুর কেশব চন্দ্র শীল গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে আমীরগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই সোহাগ নরসিংদী সদর হাসপাতালে আহতদের নাম সংগ্রহ করে খোঁজখবর নেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।