এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানী
এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানী। নয়া দিগন্ত

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি। একই সাথে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না কেন, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় বিজ্ঞপ্তিতে সামদানীকে অব্যাহতি দেয়ার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে দলীয় সূত্র জানিয়েছে, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়ার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে একটি সভা চলাকালে কয়েকজন যুবক প্রবেশ করে হইচই করেন। পরে তারা কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সামনে রাখা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের একটি কালো মাইক্রোবাস ভাঙচুর করেন।

সিসিটিভি ফুটেজে মুখে মাস্ক পরা এক যুবককে  গাড়ি ভাঙচুর করতে দেখা গেছে। ওই যুবক গোলাম মোহাম্মদ সামদানী বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কুমিল্লা জেলা এবি পার্টির আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক বলেন, ‘গোলাম সামদানীর বিষয়টি আমাদের নজরে এসেছে। তাকে সাময়িক অব্যাহতি দেয়ার কয়েকটি কারণ রয়েছে। দলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি এবং বুধবার সন্ধ্যায় কুমিল্লা জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুরের ঘটনায় তাকে অভিযুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। তাই দলীয় সিদ্ধান্তের জন্য তাকে নোটিশ দেয়া হয়েছে।’

তিনি আরো জানান, নোটিশের বিষয়ে দলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।