
তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ, ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা রোধ এবং শ্রমিকদের জন্য দ্রুত গ্রহণযোগ্য ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
বুধবার (১৮ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় দ্বি-মাসিক সেক্রেটারিয়েট বৈঠকে সভাপতির বক্তব্যে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সরকারের প্রতি এই আহ্বান জানান।
পোশাকশিল্পে ষড়যন্ত্র রোধ ও মালিকদের প্রতি আহ্বান
‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ‘পোশাক শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ষড়যন্ত্রকারীদের আপাতত্বরতা রোদে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
দ্রুত ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, ‘গার্মেন্টস শিল্পে অস্থিরতা নয়, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।’
সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘সেক্রেটারিয়েটের মাধ্যমেই সংগঠনের সাংগঠনিক চালিকাশক্তি তৈরি হয়। সেক্রেটারিয়েটের কার্যক্রম ও সিদ্ধান্তের প্রভাব পুরো সংগঠনের ওপর পড়ে। তাই দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।’
শিল্পাঞ্চলের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে ফেডারেশন সভাপতি বলেন, ‘দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পকে কেন্দ্র করে গত এক মাস ধরে যে অস্থিতিশীল পরিস্থিতি চলছে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ও গভীর ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করি। সরকারকে বিভিন্নভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা করেও পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি দেখা যায়নি। শিল্পাঞ্চলে উৎপাদন স্বাভাবিক রাখতে এবং ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
মালিকপক্ষের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সঙ্কটময় মুহূর্তে কোনো মালিক যেন নেপথ্যে থেকে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা না করেন। মালিক, শ্রমিক ও শ্রমিক সংগঠন— সব পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় শুধু মালিক বা শ্রমিক নয়, সামগ্রিকভাবে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।’
শ্রমিকদের শান্ত থাকার পরামর্শ ও মজুরি বোর্ডের প্রতি প্রত্যাশা
শ্রমিকদের উদ্দেশে আতিকুর রহমান বলেন, ‘ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলনের পর সরকার মজুরি বোর্ড গঠন করেছে। ইতোমধ্যে বোর্ডের দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সরকার আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছে। এ অবস্থায় শ্রমিকদের শান্ত থেকে কাজে যোগ দেওয়া উচিত। শ্রমিক প্রতিনিধিরা মজুরি নির্ধারণে দর-কষাকষি করছেন। শিল্পাঞ্চলে অসন্তোষ ও সহিংসতা অব্যাহত থাকলে তা শ্রমিকদের কল্যাণ বয়ে আনবে না; বরং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের পথ বাধাগ্রস্ত হতে পারে।’
জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণের দাবি জানিয়ে তিনি বলেন, ‘শ্রমিকদের দাবি আদায়ের নিয়মতান্ত্রিক ও কার্যকর মাধ্যম হচ্ছে ট্রেড ইউনিয়ন। মজুরি বোর্ডের ত্রিপক্ষীয় আলোচনায় শ্রমিক প্রতিনিধিরা শ্রমিকদের পক্ষে দর-কষাকষি করেন। এবারের মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও মূল্যস্ফীতিসহ সামগ্রিক বাস্তবতা বিবেচনায় নেয়া প্রয়োজন। অতীতের অভিজ্ঞতার আলোকে নয়, বরং শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে একটি শ্রমিকবান্ধব ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে।’
৪৫ লাখের বেশি শ্রমিকের কর্মসংস্থান রক্ষার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ব্যবহার করা হলে শেষ পর্যন্ত শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হবেন। দেশের ৪৫ লাখের বেশি শ্রমিকের কর্মসংস্থান জড়িত এই শিল্পকে রক্ষা করতে হবে। একই সাথে শ্রমিকদের কর্মসংস্থান ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফেডারেশন সভাপতি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও থানায় হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। নেপথ্যে থাকা পতিত স্বৈরাচারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।’
বলপ্রয়োগের পরিবর্তে সংলাপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের সন্ত্রাস ও সহিংসতার সাথে আপস করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়মতান্ত্রিক পন্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। অপ্রয়োজনীয় বলপ্রয়োগের পরিবর্তে সংলাপ, কাউন্সিলিং ও আন্তরিকতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিতে হবে।’
বৈঠক থেকে মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত সম্পন্ন করে শ্রমিকদের জন্য গ্রহণযোগ্য ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানানো হয়। পাশাপাশি গ্রেফতারকৃত শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি দিয়ে শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।
ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো: তসলিমের সঞ্চালনায় বৈঠকে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, গোলাম রব্বানী, কবির আহমদসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের সদস্যবৃন্দ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








