মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
জোরারগঞ্জ থানায় গ্রেফতার আওয়ামী লীগের ৪ নেতাকর্মী। নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতিসহ ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়। 

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।

গ্রেফতার ব্যক্তিরা হলো উপজেলার সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান মাহফুজ (৫৮), চট্টগ্রাম উত্তর জেলা মুজিবিয়ান বাংলাদেশের সদস্য মো: শাহাদাত হোসেন মিলন (২৮), জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো: আলমগীর ভূঁইয়া (৬০) ও ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিবুল ইসলাম (২৩)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চট্টগ্রামের হালিশহর থানার আই ব্লক এলাকায় অভিযান চালিয়ে মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান মাহফুজকে গ্রেফতার করা হয়। এছাড়া, উপজেলার কাটাছরা এলাকা থেকে চট্টগ্রাম উত্তর জেলা মুজিবিয়ান বাংলাদেশের সদস্য মো: শাহাদাত হোসেন মিলন, জোরারগঞ্জ এলাকা থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো: আলমগীর ভূইয়া ও ইছাখালী এলাকা থেকে ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিবুল ইসলামকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ ৪ নেতাকর্মীকে গ্রেফতারকরা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’