
ঢাকা ও অন্যান্য বড় শহরের জনসংখ্যার অতিরিক্ত চাপ কমাতে এবং নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পরিকল্পিত আবাসিক এলাকা ও স্যাটেলাইট টাউন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-১০-এর সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পরিকল্পিত আবাসিক এলাকা ও স্যাটেলাইট টাউন গড়ে তুলতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কাজ করছে। জেলা ও উপজেলা শহরগুলোতে নাগরিক সুযোগ-সুবিধা, আধুনিক অবকাঠামো এবং জনসেবা সম্প্রসারণের মাধ্যমে ঢাকা ও অন্যান্য বড় মহানগরীর ওপর অতিরিক্ত জনসংখ্যার চাপ কমানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করা হবে।
মন্ত্রী আরো বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে অপরিকল্পিত আবাসন গড়ে ওঠা রোধ, কৃষিজমি সংরক্ষণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখাও সরকারের অন্যতম উদ্দেশ্য।
তিনি বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা ও দ্রুত নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবেলায় সুপরিকল্পিত, আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল নগর এলাকা গড়ে তোলার ক্ষেত্রে এ উদ্যোগ সহায়ক হবে।
মন্ত্রী জানান, পরিকল্পিত নগরায়ণ ও আবাসন সুবিধা সম্প্রসারণে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষ নিজ আওতাধীন এলাকায় আধুনিক আবাসন প্রকল্প ও স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কাজ করছে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








