ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন । ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফয়সল আমিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন। বিএনপির নেতাকর্মীদের দ্বারা ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলোয়ার হোসেনকে গণসংযোগে বাধা ও হেনস্তার অভিযোগে এ শোকজ নোটিশ দেয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা এ নোটিশ দেন।

নোটিশে বলা হয়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও পৌরশহরের পাঁচ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া মসজিদে এশার নামাজ আদায় শেষে রাস্তায় গণসংযোগকালে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের সমর্থক যুবদল নেতা মানিক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমীন ও আলমগীরের নেতেৃত্বে ১৫-২০ জন অস্ত্রধারী ব্যক্তি ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলোয়ার হোসেনকে বলপ্রয়োগ করে গণসংযোগে বাধা, আক্রমণ ও হেনস্তার চেষ্টা করেছে। এ ঘটনায় ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলোয়ার হোসেনের পক্ষে তার নির্বাচনি অ্যাজেন্ট মোহাম্মদ আলমগীর নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন।

নোটিশে বলা হয়, অভিযোগের প্রেক্ষিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচনি গণসংযোগে আপনার সমর্থক দ্বারা বল প্রয়োগ করে বাধা প্রদান করায়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৫ (ঘ) অনুচ্ছেদ লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

নোটিশে আরো বলা হয়, নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ৬৪ (৪) বিধি মোতাবেক পূর্ণাঙ্গ অনুসন্ধান অন্তে লিখিত সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করা হবে না, তা আগামী ১৯ অক্টোবর সকাল ১১টার মধ্যে আপনি বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন বা আপনার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানসহ আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য-প্রমাণ (যদি থাকে) উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করা হলো। 

এ বিষয়ে অভিযোগকারী মোহাম্মদ আলমগীর জানান, আমাদের নির্বাচনি প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে। আমাদের কর্মী-সমর্থকদের হুমকি দেয়া হচ্ছে। আমরা যেন নির্বাচনি আচরণ বিধি মেনে আমাদের প্রচার প্রচারণা চালিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। 

এ বিষয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।