মৃত্যু
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশাল। নয়া দিগন্ত

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। এর প্রায় এক ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসাসেবার মান ও অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে অবহেলার অভিযোগ করেছেন স্বজনেরা। তাদের দাবি, হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স থাকলেও প্রয়োজনের সময় সেবা পাওয়া যায় না। বাইরে থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হয়।

আমেনা বেগম উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হানুহা গ্রামের বাসিন্দা। তার স্বামী মরহুম হানিফ হাওলাদার।

স্বজনদের অভিযোগ, জরুরি মুহূর্তে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরিবহন নিশ্চিত করা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব। তাদের মতে, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত।

সাহাদুৎ জামান বলেন, আমার বাবা কবির সরদারও উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে মারা গেছেন। এবার আমার খালার মৃত্যু হলো। হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। এভাবে আর কত মানুষ মারা গেলে কর্তৃপক্ষের টনক নড়বে?

তিনি আরো বলেন, হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স থাকলেও সেবা পাই না। বাইরে থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হয়। জরুরি প্রয়োজনে যদি হাসপাতালের অ্যাম্বুলেন্সই না পাওয়া যায়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: নাজমুস সাকিব বলেন, ‘রোগীর মৃত্যুর বিষয়টি দুঃখজনক। তবে চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে হবে। হাসপাতালের চিকিৎসাসেবা ও অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম বলেন, ‘বৃদ্ধার মৃত্যুর ঘটনা এবং স্বজনদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলী সুজা বলেন, ‘সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা ও অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা অবহেলার অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’