
জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজি ধরে জনসম্মুখে জীবন্ত পাখি ছিঁড়ে খেয়ে ফেলার অভিযোগে ছাদুল্লাহ (৫০) নামে এক ব্যাটারিচালিত অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি বাজারের এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫০০ টাকা বাজি ধরে ছাদুল্লাহ জীবন্ত একটি পাখি হাতে নিয়ে এর পা ও ডানা মুচড়ে ভেঙে ফেলেন। এ সময় পাখিটি নড়াচড়া করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। পরে তিনি পাখিটি ছিঁড়ে খেয়ে ফেলেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি দেখতে সেখানে লোকজন জড়ো হন। তাদের মধ্যে কেউ কেউ উল্লাস করেন বলেও জানা গেছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সচেতন মহল বলছে, নিছক বাজি কিংবা বিনোদনের নামে জীবন্ত প্রাণীর প্রতি এমন আচরণ অমানবিক ও নিন্দনীয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, ৫০০ টাকা বাজি ধরে এক অটোচালকের সাথে প্রতিযোগিতায় নেমে জনসম্মুখে জীবন্ত পাখি ছিঁড়ে খেয়ে ফেলার অভিযোগ রয়েছে ছাদুল্লাহর বিরুদ্ধে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামালপুরের পুলিশ সুপার ও মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার তত্ত্বাবধানে তাকে গ্রেফতার করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








