
ফিলিস্তিনি শহর বেইত হানুন ধ্বংসে অংশ নেয়ার অভিযোগে স্পেনে অবস্থানরত দুই ইসরাইলি সেনার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে হিন্দ রাজাব ফাউন্ডেশন। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে।
বুধবার এক বিবৃতিতে ফাউন্ডেশন জানায়, অভিযুক্ত দুই সেনার নাম মোশে জোসেফ ও আরি মেশি জাহাভ। তারা বেইত হানুনে ধ্বংসযজ্ঞে অংশ নেয়ার ভিডিওচিত্র নিজেরাই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন।
গাজায় ইসরাইলি সেনাদের গুলিতে নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনটি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর অপরাধের বিচার দাবি করে আসছে। স্পেন কর্তৃপক্ষের প্রতি দুই সেনাকে দেশ ছাড়ার আগেই গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে তারা। ফাউন্ডেশনের ভাষ্য, অভিযুক্তদের একজন এখনো ইসরাইলি সেনাবাহিনীতে কর্মরত এবং গাজায় ফিরে যেতে পারেন।
ফাউন্ডেশন জানায়, স্পেনের বিচারকরা প্রাথমিক তদন্ত শুরু করলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারপ্রক্রিয়া চলার যুক্তিতে তাদের দায়ের করা আগের একটি অভিযোগ এখতিয়ারগত কারণে খারিজ করা হয়েছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে ফাউন্ডেশন।
বিবৃতিতে আরো বলা হয়, একের পর এক অভিযোগ দায়ের এবং প্রাথমিক তদন্ত সত্ত্বেও স্পেন কর্তৃপক্ষ সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার না করেই ইসরাইলে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে। এভাবে বিচার এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করে স্পেন কার্যত পরবর্তী যুদ্ধাপরাধীদের জন্য গাজায় অভিযান চালানোর মধ্যবর্তী সময়ে বিশ্রাম নেয়ার নিরাপদ জায়গা হয়ে উঠছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









