আকস্মিক কলেজ পরিদর্শনে শিক্ষামন্ত্রী, ক্লাসে গিয়ে পেলেন মাত্র একজন ছাত্রী
আকস্মিক কলেজ পরিদর্শনে শিক্ষামন্ত্রী, ক্লাসে গিয়ে পেলেন মাত্র একজন ছাত্রী। নয়া দিগন্ত
ads

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে একটি শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে উপস্থিত পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

কলেজের অন্য শ্রেণিকক্ষগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল নগণ্য। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে শিক্ষকদের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নাটোরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে মহাসড়কের পাশে অবস্থিত কলেজটি আকস্মিক পরিদর্শন করেন তিনি। রাজশাহী বিমানবন্দর থেকে সড়কপথে নাটোর যাওয়ার সময় কলেজটি দেখে তিনি সেখানে প্রবেশ করেন। পরে নিচতলা থেকে চারতলা পর্যন্ত বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে তিনি শিক্ষার্থীদের উপস্থিতির চিত্র দেখেন।

একটি শ্রেণিকক্ষে গিয়ে এক নারী শিক্ষকের কাছে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চান মন্ত্রী। তিনি প্রশ্ন করেন, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’

জবাবে ওই শিক্ষক জানান, শ্রেণিকক্ষে একজন ছাত্রী উপস্থিত রয়েছে। তাদের মোট ছাত্রী ১৫ জন। অন্য ছাত্রীরা কেন আসেনি, জানতে চাইলে শিক্ষক বলেন, ‘না, আসে না। আজকে মাত্র একজন আসছে।’

এ সময় আরেক শিক্ষক জানান, অন্য শিক্ষার্থীরা তখনো শ্রেণিকক্ষে প্রবেশ করেনি। তিনি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে ক্লাসে এসেছেন। পরে ক্লাস শুরুর সময় জানতে চাইলে ওই শিক্ষক জানান, বেলা সাড়ে ১১টায় ক্লাস রয়েছে।

শিক্ষকরা শ্রেণিকক্ষে প্রবেশ করলেও শিক্ষার্থীরা বাইরে থাকতে পারে। শিক্ষার্থীদের ক্লাসে আনতে ফোন করতে হয় বলেও জানান তিনি। শিক্ষকদের এসব ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, তাদের প্রতিষ্ঠানে শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান করা হয়। একাদশ শ্রেণিতে ৬৯ জন ও দ্বাদশ শ্রেণিতে ১৬৮ জন শিক্ষার্থী রয়েছে। গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীর মধ্যে একজন ছাত্রী উপস্থিত ছিল। তবে এদিন সব মিলিয়ে কলেজে ৬০ থেকে ৬৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে দাবি করেন তিনি।

তিনি আরো জানান, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত করতে তারা বিভিন্নভাবে চেষ্টা করেও সফল হচ্ছেন না।

শিক্ষামন্ত্রী কলেজের একতলা থেকে চারতলা পর্যন্ত প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। বেলা ১১টা ২০ মিনিটের দিকে কলেজে প্রবেশ করে প্রায় ২০ মিনিট অবস্থানের পর মন্ত্রী নাটোরের অনুষ্ঠানে চলে যান।

এদিকে কলেজে শিক্ষার্থীদের উপস্থিতির পরিস্থিতি নজরদারিতে রাখার জন্য তাৎক্ষণিকভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) রাজশাহী অঞ্চলের পরিচালক হুমায়ুন কবীরকে নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।