
দীর্ঘ ছয় দিন পর বান্দরবানের থানচি সড়কে সেনাবাহিনী ও বিজিবির পাহারায় বাস চলাচল শুরু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে শহরের তিন নম্বর স্থানের থানচি স্টেশন থেকে প্রথম বাসটি ছেড়ে যায়।
জানা গেছে, সশস্ত্র সন্ত্রাসীরা বাস মালিক সমিতির কাছে ৬ লাখ টাকা দাবি করার পর এ সড়কে নিরাপত্তার আশঙ্কায় গত ছয় দিন ধরে বাস চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগের মুখে পড়ে যাত্রী ও পর্যটকরা। এ অবস্থায় তারা দ্বিগুণ ভাড়া দিয়ে বিকল্প পন্থায় চলাচল করছিলেন। বাস চলাচল না করায় থানচিতে পর্যটকদের সংখ্যাও কমে আসে।
বান্দরবান শৈলসোভা বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি অমল দাশ জানান, নিরাপত্তা বাহিনীর সাথে বৈঠকের পর বুধবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। সড়কের নীলগিরি থেকে বলিপাড়া পর্যন্ত সেনাবাহিনী ও বলিপাড়া থেকে থানচি পর্যন্ত বিজিবি সদস্যরা নিরাপত্তা দিয়ে নিয়ে যাবেন। নিরাপত্তার নিশ্চিত হওয়ার পর মালিক সমিতি ও শ্রমিক মিলে বাস চলাচল শুরু করে।
মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা জানায়, প্রতিবছর সন্ত্রাসীরা মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। এ বছর তারা ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা বেশ কিছুদিন থেকে নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন। পরিবহন ব্যবসায় লোকসান হওয়ায় শেষ পর্যন্ত এ সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে নিরাপত্তা বাহিনীর সাথে বৈঠকের পর বাস চলাচল চালু করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








