
সিলেটে ডেঙ্গুর সংক্রমণ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরো ২১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৭ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন।
সোমবার (১২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, হবিগঞ্জ সদর হাসপাতালে দু’জন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৫৭ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, হবিগঞ্জ সদর হাসপাতালে সাতজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে দু’জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন ও মৌলভীবাজার সদর হাসপাতালে চারজন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৫৬৭ জনের মধ্যে হবিগঞ্জে ২৩৬ জন, সুনামগঞ্জে ১২৭ জন, সিলেটে ১২১ জন ও মৌলভীবাজারে ৬২ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ২১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








