
চুয়াডাঙ্গার জীবননগরে চার পিস স্বর্ণের বারসহ মো: সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গয়েশপুর যাত্রী ছাউনি থেকে তাকে আটক করা হয়।
আটক সেলিম জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের সরদার পাড়ার মো: বাবর আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন গয়েশপুর বিওপির কর্মরত হাবিলদার মো: ইছাব্বর আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল গয়েশপুর যাত্রী ছাউনিতে অভিযান চালায়। এ সময় স্বর্ণ বহনের সন্দেহে মো: সেলিমকে আটক করা হয়।
পরে মহেশপুর ব্যাটালিয়ন সদর থেকে সহকারী পরিচালক মো: মুন্সি ইমদাদুর রহমান ঘটনাস্থলে পৌঁছালে তার উপস্থিতিতে আটক ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে চার পিস স্বর্ণের বার, যার প্রাথমিক ওজন প্রায় ৫০০.৭৬ গ্রাম বলে উল্লেখ করা হয়েছে, এবং একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








