
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে নিরাপত্তার কারণে পর্যটকদের ভ্রমণে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। একই সাথে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে, রোববার সকাল ৬টা থেকে সাজেকের স্থানীয় দুটি সংগঠনের ডাকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু হয়। অবরোধ কর্মসূচির কারণে দুপুরে সাজেকগামী ও সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী গাড়িবহর প্রায় তিন ঘণ্টা সড়কে আটকে থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী আন্দোলনকারীদের সাথে আলোচনা করে বিকেল সাড়ে পাঁচটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সেখানে যাত্রা না করার বিষয়ে বিজ্ঞপ্তিতে পরামর্শ দেয়া হয়েছে।
সাজেকের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলেও জেলা প্রশাসন সূত্রে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি নামে দুটি সংগঠন সাজেক পর্যটন এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র তৎপরতা ও চাঁদাবাজির প্রতিবাদে এ অবরোধের ডাক দেয়।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা জানান, ‘প্রশাসনের কাছে তিন দফা দাবি তুলে ধরার পর প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বিবেচনার আশ্বাস দেয়া হয়েছে। এ কারণে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ শিথিল করা হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








