গরু চুরি
পটিয়া থানা, চট্টগ্রাম। নয়া দিগন্ত

চট্টগ্রামের পটিয়ায় গরু চুরি করে সিএনজি অটোরিকশায় তোলার সময় দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাদের সাথে থাকা আরো দুজন পালিয়ে যায়।

Advertisement

রোববার (১১ অক্টোবর) দুপুরে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন এলাকার সেনপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চারজনের একটি দল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সেনপাড়া এলাকায় আসে। একপর্যায়ে স্থানীয় নুরুল আলম চৌধুরীর একটি গরু অটোরিকশায় তুলে নিয়ে পালানোর চেষ্টা করছিল। বিষয়টি স্থানীয় লোকজন বুঝতে পেরে তাদের ধাওয়া দেন। পরে দক্ষিণ ভূর্ষি রেলগেট এলাকায় অটোরিকশাটির গতিরোধ করেন স্থানীয় লোকজন। এ সময় দলের দুই পুরুষ সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও দুই নারীকে আটক করা হয়। পরবর্তীতে গরু ও অটোরিকশাসহ আটক দুই নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) জিয়াউল হক বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ উদ্ধার করা গরু ও অটোরিকশাসহ দুই নারীকে হেফাজতে নিয়েছে। পালিয়ে যাওয়া দুই পুরুষ সদস্যকে গ্রেফতারে অভিযান চলছে।’ 

আটক নারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।